দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন উত্তরবঙ্গের মানুষ। রাজধানীমুখী যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহনের সংকট এবং দীর্ঘ সময় অপেক্ষার কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও কর্মজীবী যাত্রীরা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে যমুনা সেতুর পশ্চিম প্রান্তের কড্ডারমোড় এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকামুখী যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা গাড়ির অপেক্ষায় অবস্থান করছেন। বাস ও অন্যান্য গণপরিবহনের সংকটে অনেকে বিকল্প পরিবহনের দিকে ঝুঁকলেও অতিরিক্ত ভাড়ার কারণে বিপাকে পড়ছেন।
চন্দ্রা এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকে পরিবার নিয়ে ঢাকায় ফেরার অপেক্ষায় থাকলেও এখনো কোনো গাড়ি পাননি। তিনি বলেন, ট্রাকে ৪০০ থেকে ৫০০ টাকা এবং বাসে ৭০০ থেকে ৮০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। এছাড়া ব্যাগপত্র থাকার কারণে অনেক বাসে যাত্রী তোলা হচ্ছে না।
একই ধরনের ভোগান্তির কথা জানান যাত্রী আয়েশা সিদ্দিকা। তিনি বলেন, মিরপুর যাওয়ার জন্য সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সিট পাননি।
স্থানীয় সূত্র জানায়, কড্ডারমোড় এলাকায় শত শত যাত্রী একই ধরনের দুর্ভোগের শিকার হয়েছেন।
অন্যদিকে, যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকামুখী লেনে দীর্ঘ যানজট দেখা যায়। সেতুর পশ্চিম গোলচত্বর থেকে কামারখন্দ উপজেলার ঝাঐল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দুপুরের পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গতি ছিল ধীর।
যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যেখানে ঢাকায় পৌঁছাতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে, সেখানে এবার যাত্রাপথ অনেক দীর্ঘ হয়ে পড়েছে।
পাবনার বেড়া থেকে ঢাকাগামী যাত্রী খাইরুল বলেন, সকাল ৯টায় রওনা দিয়ে বিকেল ৪টায় যমুনা সেতু পার হতে পেরেছেন। ঢাকায় কখন পৌঁছাবেন, তা নিয়েও তিনি অনিশ্চয়তায় রয়েছেন।
সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে রেলপথেও একই চিত্র দেখা গেছে। কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেড় থেকে দুই ঘণ্টা বিলম্বে চলাচল করছে।
জামতৈল স্টেশনে অপেক্ষমাণ যাত্রী শামছুল আলম বলেন, দুপুরের পর থেকেই তিনি স্টেশনে অবস্থান করছেন। কিন্তু ট্রেনের বিলম্বের কারণে ঢাকায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
এমএস/